শহরেও কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প চালুর পরিকল্পনা কেন্দ্রের

Labour for City

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১০০ দিনের কাজের মতো শহরেও কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প চালু করতে পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের আদলে এটি শহরাঞ্চলে করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউন আবহে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরতরা গ্রামে ফিরেছেন। ছোট-বড় শহরেও কয়েক লক্ষ কাজ হারানো মানুষ রয়েছেন। সূত্রের খবর, গ্রামাঞ্চলে মে মাস থেকেই বিভিন্ন জীবিকা চালু করে দেওয়ার প্রয়াস শুরু হয়। আবার ১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়। এক্ষেত্রে উদ্দেশ্য ছিল- গ্রামে ফিরে আসা পরিযায়ীরা যাতে কাজ পায়।

শহরাঞ্চলের জন্য এমন কোনও প্রকল্প না থাকায় সরাসরি কাজ দেওয়া সম্ভব হয়নি। এবার শহরাঞ্চলেও অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াস নিতে চলেছে কেন্দ্র। সেই লক্ষ্য নিয়েই শহরে আবাসন ও দারিদ্র দূরীকরণ মন্ত্রককে একটি বিশেষ খসড়া নোট তৈরি করতেও বলা হয়েছে। অর্থমন্ত্রকও এই পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বলে খবর। রাজ্যগুলির সঙ্গেও এই ব্যাপারে আলোচনা হবে বলেও জানা গিয়েছে। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, লকডাউনের পর আনলক ওয়ান ও টু পর্বে গ্রামীণ ভারত ও ক্ষুদ্র শহরে অর্থনীতির চাকা ঘুরছে। সেই নিরিখে বৃহৎ শহরগুলিতে বাণিজ্যিক লেনদেনের হার সন্তোষজনক নয়। সেই কারণেই এবার শহর এলাকায় কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কর্মসংস্থান বাড়ানোর প্রয়াস শুরু করছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *