‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্যের স্বচ্ছতাকে কুর্নিশ জানাল কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ‘গাইডলাইন’ মেনে কাজে নিষ্ঠা ও টাকা খরচে স্বচ্ছতার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পে সফল পশ্চিমবঙ্গ। এরফলে উচ্ছ্বসিত পুর ও নগরোন্নয়ন মন্ত্রক পেল পুনরায় বাড়ি নির্মাণের ছাড়পত্র। রাজ্যে ৪৬টি পুরসভায় নতুন ৪৫ হাজার বাড়ি নির্মাণের তাৎক্ষণিক অনুমোদন দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই সহযোগিতাকে ‘স্বচ্ছতার প্রতিদান’ হিসেবে দেখছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য সরকার যে স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তা আবার প্রমাণিত হল।
শীঘ্রই পুর এলাকায় নতুন বাড়ি নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্র মারফৎ জানা যায়, কোন পুরসভাগুলিতে নতুন বাড়ি নির্মাণের কর্মসূচি নেওয়া হবে, তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। কেন্দ্রের ‘সবার জন্য ঘর’ প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখছে নগরোন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের প্রধান সচিব দুর্গাশঙ্কর মিশ্রের নেতৃত্বে একটি বৈঠকও হয় দিল্লিতে। সেখানে প্রতিটি রাজ্যের কাজ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন মন্ত্রকের আধিকারিকরা। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রের ‘গাইডলাইন’ মেনে প্রকল্প রূপায়ণে একমাত্র এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ।
বিশেষ করে প্রকল্পের সঙ্গে ‘জিওট্যাগিং’ প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রে বাংলার ধারে কাছে নেই কোনও রাজ্য। এই ‘জিওট্যাগিং’ হল প্রকল্পের উপর ‘ডিজিটাল’ নজরদারির অন্যতম মাধ্যম। এতে স্বচ্ছতা মেনে কাজ হচ্ছে কি না, তা সরাসরি দেখভাল করতে পারেন প্রকল্পের আধিকারিকরা। গত বছর এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সরেজমিনে রাজ্যে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধিরা। নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হুগলি জেলা ঘুরে দেখেন তাঁরা। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশও করেছিল কেন্দ্রীয় দল।

