পুজোর থিমে বরেণ্য দুই বাঙালি সত্যজিৎ-প্রণব

Pranab Mukhopadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার গৌরীবাড়ির থিমে সত্যজিৎ রায় আর চণ্ডীপাঠে প্রণব মুখোপাধ্যায়। সূত্রের খবর, এবারের পুজোয় অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ মুখরিত হবে সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চণ্ডীপাঠে। বীরভূমের কীর্ণাহার ও কলকাতার দূরত্ব কমে আসবে এটা বলাই যায়। বাংলার অন্যতম সেরা রাজনৈতিক নক্ষত্র প্রয়াত প্রণববাবুকে নতমস্তকে প্রণাম জানাতে প্রয়াসী এই পুজোর আয়োজকরা। এক্ষেত্রে চণ্ডীপাঠে প্রণব মুখোপাধ্যায় বিশেষ গুরুত্ব পেতে চলেছেন।

পুজোর আয়োজক সূত্রের খবর, পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য এবার অরবিন্দ সেতু পরিকল্পনা করেছিল তাঁর পথের পাঁচালী ও দুর্গাকে থিমে তুলে ধরতে। এই সময়ই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণববাবুর প্রয়াণের খবর পাওয়া যায়। এই মানুষটিকে শ্রদ্ধা জানানোর তৎপরতা শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের সিদ্ধান্ত অনুযায়ী এবারের পুজোর থিমে বরেণ্য দুই বাঙালি– সত্যজিৎ রায় ও প্রণব মুখোপাধ্যায়। দুই ব্যক্তিত্বকে একসঙ্গে শ্রদ্ধা জানাবেন আয়োজকরা। জানা গিয়েছে, শাস্ত্রজ্ঞ জয়ন্ত কুশারীর চণ্ডীপাঠে এই পুজোর উদ্বোধন হল যৌথ থিমেই। প্রণববাবুর চণ্ডীপাঠের সিডি আনার চেষ্টা শুরু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। পুজোর দিনগুলিতে মণ্ডপ জুড়েই সেই চণ্ডীপাঠ বাজবে এবং পুজোর একটি মঞ্চ প্রাক্তন রাষ্ট্রপতির নামে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *