বাঙালির হৃদয়ের ও প্রাণের উৎসব
আলোর সাজে সেজে উঠেছে কলকাতা শহরতলী। তিলোত্তমার বুকে শহরজুড়ে পুজোর আবহ। শারদীয় দুর্গোৎসবের আবহে আলোর রোশনাই। মহালয়ার শুভলগ্নের প্রাক্কালে শহরের সর্বত্র অনুভূত হতে চলেছে পুজোর আমেজ। রাজপথ থেকে পাড়ার অলিগলি জুড়ে সর্বত্রই আলোকসজ্জায় সুসজ্জিত। বর্ণময় সাজে উৎসবের ছবি ধরা পড়ছে। দুর্গাপুজো বাঙালির হৃদয়ের ও প্রাণের উৎসব। অন্যতম প্রধান উৎসবকে ঘিরে বঙ্গবাসীর আবেগ। এই আবেগের উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে কলকাতা। এ বছরও সেই আবেগে ভাসতে চলেছে কলকাতা তৎ সংলগ্ন অঞ্চল। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত জুড়েই আলোকসজ্জার পাশাপাশি ফুটে উঠেছে শিল্প ও সংস্কৃতির নানা নিদর্শন। সর্বত্র চলেছে আলোর কারুকার্য। নান্দনিক উপস্থাপনায় মহানগরীর সৌন্দর্যে যোগ হয়েছে নতুন পালক। উৎসবের আবহকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ ও প্রচেষ্টার খামতি নেই। শহরজুড়েই চলছে সাজ-সজ্জার রমরমা আয়োজন। ঐতিহ্য ও আধুনিকতার মোড়কে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে বর্ণময় আবহ। সব মিলিয়ে প্রাণের দুর্গোৎসবকে ঘিরে আলোর উৎসবে মেতে উঠতে চলেছে তিলোত্তমা কলকাতা।
