উৎসব মরশুমে রেশনে স্পেশাল প্যাকেজ
দুর্গাপুজোকে সামনে রেখে এবার রেশনে স্পেশাল প্যাকেজ ঘোষণা রাজ্য খাদ্য দফতরের। শারদ উৎসবে রাজ্যের ২কোটি ১ লক্ষ পরিবার এই পরিষেবার অধীনে আসবেন। ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে রেশনে ৷ উৎসব মরশুম-কে সামনে রেখে রাজ্য সরকারের এই ভাবনা। খাদ্য দফতর সূত্রের খবর, রেশনে দেওয়া হবে ২৫০ গ্রাম সুজি ৷ উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁয় এক সাংবাদিক বৈঠকে এই স্পেশাল প্যাকেজের ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ৷ উল্লেখ্য,রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের আমলে প্রথম বছর দুর্গাপুজোয় রেশনে স্পেশাল প্যাকেজ ঘোষণা হল। খাদ্যমন্ত্রী জানিয়েছেন,পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, হিন্দু সনাতনীরা ব্যাপকভাবে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে ৷ বিগত সরকারের মতো পুজো প্যাকেজ না-করে নতুনত্ব কিছু করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী ৷ এ বিষয়ে তিনি জানান, “পূর্বতন সরকার অন্ত্যোদয় যোজনা, AAY, SPHH প্রভৃতি কার্ডের উপভোক্তাদের ১০ শতাংশ ছাড়ে খাদ্যসামগ্রী দেওয়া দিত ৷ বর্তমান সরকার পুরো ৫০ শতাংশ ছাড়ে রাজ্যের মানুষকে খাদ্যসামগ্রী বণ্টন করা হবে ৷ প্রায় ৭৮ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে ৷ এখন থেকে প্রায় ২কোটি ১২ লক্ষ রেশন ব্যবস্থার অধীনে থাকা পরিবারকে এই উৎসব প্যাকেজের আওতায় আনা হচ্ছে ৷ “পূর্বতন সরকার বিপুল ঋণের বোঝা চাপিয়ে গেলেও এই উৎসব প্যাকেজ দেওয়া হবে ৷ এক্ষেত্রে সরকারের ১১৪কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানানো হয়েছে ৷ পুজোয় স্পেশাল প্যাকেজ হিসেবে খাদ্যমন্ত্রী আরও জানান, উৎসবের আবহে রেশনে প্রতিটি পরিবারকে কোনও ভেদাভেদ না করে পাঁচ শ্রেণির রেশন কার্ড হোল্ডারদের পরিবারকেই এই প্যাকেজ দেওয়া হবে ৷ চিনির দাম ৬০টাকা হলে, রেশনে ৩০টাকা প্রতি কেজি দরে,ময়দার দাম ৩৭টাকা প্রতি কেজি হলে ১৮-১৯ টাকা দরে এবং সুজির দাম ৪০টাকা হলে ২০টাকা প্রতি কেজি দরে মিলবে ৷ পাশাপাশি আরও জানানো হয়েছে,রেশনে স্পেশাল প্যাকেজ হিসেবে থাকছে পরিবার প্রতি এক কেজি করে চিনি, ১কেজি ময়দা এবং নতুন সংযোজন হচ্ছে ২৫০ গ্রাম করে সুজি ৷ স্পেশাল প্যাকেজে কোয়ালিটি ও কোয়ান্টিটি সঠিক থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে ৷
