দুর্গাপ্রতিমা বানাতে গঙ্গামাটি নিয়ে শিল্পী হায়দরাবাদে

Making Durga

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কুমোরটুলি থেকে দুর্গাপ্রতিমা প্রতিবছরই পাড়ি দিয়ে থাকে বিভিন্ন দেশে। আবার এখান থেকে প্রতিমা চলে যায় ভিন রাজ্যেও। সূত্রের খবর, গঙ্গামাটি নিয়ে এবার শিল্পী চলেছেন হায়দরাবাদে। জানা গিয়েছে, দুর্গাপ্রতিমার মুখে ৫ ভরি সোনার একটি মাস্ক পরানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। উল্লেখ্য, কলকাতার দক্ষিণেশ্বরের আদলে হায়দরাবাদে নির্মিত হয় এই ধরনের এক মন্দির। ‘দক্ষিণের দক্ষিণেশ্বর’ নাম দেওয়া হয়েছে। এখানে এবার দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে। এ বিষয়ে আরও জানা যায়, কুমোরটুলিতে এসে শিল্পীর সঙ্গে আলোচনা সেরে পুজোর বায়না করেছেন ওই পুজো কমিটির আয়োজকরা।

কুমোরটুলি সূত্রের আরও খবর, এক্ষেত্রে কুমোরটুলি থেকে দুর্গাপ্রতিমা হায়দরাবাদে যাবে না। প্রতিমা শিল্পী মাতৃপ্রতিমা তৈরি করবেন সেখানে গিয়েই। গঙ্গামাটি-সহ প্রতিমার সাজ-সরঞ্জাম কলকাতা থেকে যাবে। তা নিয়ে যাবেন শিল্পীই। জানা গিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ হবে। কুমোরটুলি সূত্রে আরও জানা যায়, কলকাতা থেকে হায়দরাবাদে প্রতিমা নিয়ে যাওয়া হলে পরিবহণ ব্যয় অনেক। তাছাড়া ক্ষয়-ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। এই কারণেই শিল্পী ও তাঁর সহযোগীকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে। বিশ্বকর্মা পুজোর পরই শিল্পী রবীন পাল ও নিতাই মালাকার হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *