সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর উদ্যোগ হাওড়ার সব প্রাথমিক স্কুলে

Solar System-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থ কমিশনের বরাদ্দে হাওড়ার সব প্রাথমিক স্কুলে বসবে সৌর প্যানেল। সূত্রের খবর, ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের অর্থ কমিশনের কাছ থেকে হাওড়া জেলা পরিষদ পর্যায়ক্রমে প্রায় ২৮ কোটি টাকা পাবে। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে মিলবে ৭ কোটি টাকা। জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এক্ষেত্রে বসাতে হবে সৌর প্যানেল। পরিবেশ-বান্ধব সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য এই উদ্যোগ। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলির বিদ্যুতের ব্যয়ের ক্ষেত্রেও সাশ্রয় হবে।

কীভাবে এই সংক্রান্ত বিষয়ে কাজ হবে, তার পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। এক্ষেত্রে তার অনুমোদনও হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে টেন্ডার-সহ বিভিন্ন প্রক্রিয়া চলছে বলেও জানা যায়। সূত্রের আরও খবর, চলতি মাসের শেষ বা পরের মাসের শুরুতে এই কাজ হবে। এক্ষেত্রে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে সৌরশক্তির মাধ্যমে আলো জ্বালানো, ফ্যান ও কম্পিউটার চালানোর মতো কাজগুলি করা সম্ভব হবে। স্কুলের প্রতি মাসের ব্যাপক বিদ্যুৎ বিলের বোঝা কমবে বলে মনে করা হচ্ছে। করোনা আবহে এবং লকডাউনের কারণে এই কাজের উদ্যোগ ব্যাহত হয়। হাওড়া জেলা পরিষদ সূত্রে এ বিষয়ে জানা গিয়েছে, অর্থ কমিশন থেকে বরাদ্দ ২৮ কোটি টাকা পেতে গেলে পরিকল্পনা মাফিক কাজটা করতে হবে। সেই মতো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *