ঝাড়গ্রামের চিঁচিড়া রাজবাড়ির পুজো ঘিরে সম্প্রীতির বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ঝাড়গ্রামের চিঁচিড়া রাজবাড়ির পুজো ঘিরে সম্প্রীতির বার্তা রয়েছে । ১৩৮ বছরে পদার্পন করল এই পুজো। এই পুজো এখন সর্বজনীন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, এখন সেই ঐতিহ্য না থাকলেও গ্রামীণ এই পুজোতে ভিন্ন পরিবেশ তৈরি করেছে। এই পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির পরিবেশ যেমন থাকছে তেমনি করোনা পরিস্থিতিতে বাজেটও কমানো হয়েছে। ঝাড়গ্রামের চিঁচিড়া সর্বজনীনে এখন জোর তৎপরতা চলছে। স্থানীয় সূত্রের আরও খবর,ঝাড়গ্রামের জামবনি ব্লকের রাজবাড়ির পুজোর অনেক অতীত ইতিহাস রয়েছে।এক সময় পুজো শুরু করেন গ্রামের জমিদার কালিকাপ্রসাদ প্রামাণিক। অতীতে সোনার দুর্গা মূর্তিতে পুজো করা হত। পরে তা চুরি হয়ে যায় বলেও খবর।
পরবর্তী সময়ে আর্থিক অনটনের কারণে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল পুজোর দায়-দায়িত্ব। সেই থেকে রাজবাড়ির পুজো চিঁচিড়া সর্বজনীন হিসেবেই পরিচিত। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৭০বছর ধরে এই পুজো ছিল প্রামাণিক পরিবারের । এরপর জমিদারবাড়ির ঠাকুরদালানে স্থানীয় মানুষেরা এই পুজো চালিয়ে আসছেন। হিন্দু, মুসলিম যৌথভাবে এই পুজোয় হাজির হন। এবারও করোনা আবহে পুজো হচ্ছে সেখানে। বাজেট কমানো হয়েছে। মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে।মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য একাধিক গেট করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। করোনা নিয়ে সতর্ক রয়েছে সমগ্র গ্রাম।

