দুর্গাপুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার দুর্গাপুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সরে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। বেশ কয়েকটি জেলায় ভারী মেঘ ও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শক্তি আরও বাড়িয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
কাল মহাসপ্তমীর দিন থেকে উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এক্ষেত্রে আরও বলা হয়েছে, কোনও কোনও জেলায় আবার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়াও। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর।
পুজোয় জারি করা এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, মহাষষ্ঠীর দিন কোথাও কোথাও বৃষ্টি হবে। মহাসপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মহাষ্টমীর দিন মাঝারি মাত্রায় বৃষ্টির কথা বলা হয়েছে। বৃষ্টি হতে পারে নবমীর দিনেও। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সেই জন্য আগামীকাল থেকে শনিবার পর্যন্ত মৎস্য-জীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

