বিকাশ ভবনে বিক্ষোভ-ডেপুটেশন প্রাথমিক ঐক্য মঞ্চের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিতদের নিয়োগ চাই, এই দাবিতে আজ বিকাশ ভবনের কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দিল প্রার্থীরা। সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ২০১৫ সালে প্রাথমিক টেট পাশ করা প্রার্থীরা।
পশ্চিমবঙ্গ প্রাথমিক ঐক্য মঞ্চের সম্পাদক জানিয়েছেন, সেই সময় তাঁদের প্রশিক্ষণ ছিল না। এরপর ২০১৭ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরবর্তীতে যাঁরা ট্রেনিং নেবেন তাঁরা নিয়োগপত্র পাবেন এবং নিয়োগ দেবে রাজ্যসরকার। এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে ডিএলএড ২০১৪-১৬ ব্যাচ এবং ২০১৫-১৭ ব্যাচকে রাজ্যসরকার সরাসরি নিয়োগপত্র দেয়।
প্রাথমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ১৫-১৭ ব্যাচ, ১৬-১৮ ব্যাচ এবং ১৭-১৯ ব্যাচ তাঁরা সম্পূর্ণ প্রশিক্ষিত এবং প্রত্যেকে টেটও পাশ করেছেন। প্রায় ১২০০ জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন যে, প্রতিশ্রুতি মতো দ্রুত প্রাথমিক শিক্ষক পদে তাঁদের নিয়োগ করা হোক।
অন্যদিকে তাঁদের দাবি, ২০১৫ সালের প্রাইমারি টেট পাশ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এমন প্রায় ১২০০ জন প্রার্থীদেরকে শিক্ষা মন্ত্রীর পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রাথমিক শিক্ষক পদে সরাসরি নিয়োগ করা হোক। এক্ষেত্রে তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছে ঐক্য মঞ্চ।

