প্রয়াত হলেন বিশিষ্ট কবি অলোকরঞ্জন দাশগুপ্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত (৮৭)। বাংলা সংস্কৃতিজগত হারালো এক বিশিষ্ট কবিকে। জার্মানিতে তাঁর বাসভবনে মৃত্যু হয়েছে বলে খবর। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ।
বাংলা কবিতাকে অন্য ধারায় নিয়ে গিয়েছিলেন তিনি। শুরু করেছিলেন পঞ্চাশের দশকে। প্রকাশিত হয় ২০ টির মতো কাব্যগ্রন্থ। সেই সব কাব্য উদ্বুদ্ধ করেছে পাঠকসহ নবীন কবিদেরও।
তাঁর জন্ম হয় ১৯৩৩ সালের ৬ অক্টোবর। শান্তিনিকেতনে পড়াশুনা শুরু। উচ্চশিক্ষা গ্রহণ করেন সেন্ট জেভিয়ার্স কলেজে। স্নাতকোত্তর করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এক দশকেরও বেশি সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বিভাগে শিক্ষকতা করেছিলেন।
পারিবারিক সূত্রের খবর, হামবোল্ড ফাউন্ডেশান ফেলোশিপ নিয়ে অলোকরঞ্জন পাড়ি দিয়েছিলেন জার্মানিতে। বাংলা ভাষার সঙ্গে জার্মান সাহিত্যের মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনিই। দু-ভাষাতেই অনুবাদ করেছেন। জার্মান সরকার তাঁকে গ্যেটে পুরস্কারে ভূষিতও করেছিলেন। ১৯৯২ সালে “মরমী কারাত” কাব্যগ্রন্থটি তাঁকে সাহিত্য অ্যাকা়ডেমি পুরস্কার এনে দিয়েছিল। আজীবন সকলের বন্ধু ও সদালাপী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন সাহিত্য-মহলের বিশিষ্টরা।

