শীতের আমেজ আসার প্রতীক্ষা করতেই হচ্ছে :পূর্বাভাস হাওয়া অফিসের

winter and bengal weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেঘলা আকাশে তাপমাত্রা ফের বেড়েছে। জমিয়ে শীত কবে, তা এখনও অজানা। হাওয়া অফিস সূত্রের খবর,
কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গে। আবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। এর ফলে শীতের আমেজ আসার প্রতীক্ষা করতেই হচ্ছে । অন্যদিকে আরও ওপরে উঠল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
আজ সকালে২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আংশিক মেঘলা আকাশের কারণে বাড়ছে রাতের তাপমাত্রাও।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না হলে তাপমাত্রা কমার লক্ষণ নেই। পরিষ্কার আকাশ হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকছে। অন্যদিকে নতুন করে পশ্চিমী -ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু-কাশ্মীরে। এই ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত পড়লেও পূর্বভারতে প্রভাব পড়ার সম্ভাবনা কমছে,এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাব জনিত কারণে উত্তর-পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্যপ্রদেশে আগামী ৪-৫ দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। এক্ষেত্রে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে ঘন কুয়াশার সর্তকতাও জারি হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মলদ্বীপের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়াবে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু রাজ্যে থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *