আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমানো হচ্ছে সিলেবাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমানো হচ্ছে সিলেবাস। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর,করোনা আবহের কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে। সিলেবাস কমিটির প্রস্তাব মেনে আগামী বছরের পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন,সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন করে জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে স্কুল কবে থেকে খোলা হবে সে বিষয়ে কিছু জানাননি শিক্ষামন্ত্রী।

