চাপের মুখে সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারত থেকে চাল কেনা শুরু করল চিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সূত্রে খবর, প্রায় তিন দশক পর চিন ভারত থেকে চাল কিনছে। ভারতীয় চালের গুণমান দেখে তারা আরও চাল আমদানি করতে পারে। ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ। বিশ্বে চিন সবচেয়ে বেশি চাল আমদানি করে থাকে। প্রতি বছর, চিন সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ লক্ষ টন চাল আমদানি করে। চিন এতদিন ধরে চালের নিম্নমানের কারণে তা কিনেনি। তবে দেখা যাচ্ছে যে যে দেশগুলি থেকে তারা চাল আমদানি করত সেই দেশগুলি চিনের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছে না। তা ছাড়া দামও যথেষ্ট বেশি। ফলস্বরূপ, তিন দশক পরে, চিনকে নত হতে হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, চিন ইতিমধ্যে ভারত থেকে ১০ লক্ষ টন ভাঙ্গা চাল কিনতে রাজি হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে চিনে পাঠানো হবে সেই চাল। চুক্তি অনুযায়ী টন প্রতি চালের দাম ধার্য্য হয়েছে ৩০০ডলার। উল্লেখ্য, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং পাকিস্তানের মতো দেশগুলি এত দিন ধরে চিনকে চাল সরবরাহ করত। তবে দেখা যাচ্ছে যে, চিনের চাহিদা মতো এই দেশগুলিতে তেমন চাল নেই। এছাড়া ভারতীয় চালের চেয়ে টন প্রতি ৩০ডলার বেশি এই দেশ গুলোর চালের দাম। তাই চিন ভারত থেকে চাল আমদানি করতে বাধ্য হচ্ছে।

