হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য : সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর সুস্থতা কামনা করলেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা ঠিক যাচ্ছিল না। শ্বাসজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷
তাঁর অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। প্রসঙ্গত,রাজনৈতিক ময়দানে বুদ্ধবাবুর সঙ্গে মতানৈক্য থাকলেও ব্যক্তিগত জীবনে বুদ্ধবাবুকে শ্রদ্ধা করেন। উল্লেখ করা যায়,৩ বছর আগে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সরাসরি তাঁর পাম ভিনিউয়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের আরও খবর, মঙ্গলবার থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল। শ্বাসকষ্ট বাড়ায় কোনও রকম ঝুঁকি না নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে আজ আলিপুরের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁকে আইসিউতে রাখা হয়েছে বলেও খবর। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা। বাম নেতৃত্বরা সেখানে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। বর্তমান সময়ে রাজনীতির অন্তরালেই রয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

