burdwan and utsavOthers 

বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে “পৌর উৎসব”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে জানুয়ারির শেষ সপ্তাহে বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে পৌর উৎসব। সূত্রের খবর, আয়োজিত হবে বর্ধমান পৌর উৎসব। ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। জানা গিয়েছে,বর্ধমান উৎসবের শুভ সূচনা করবেন বিশিষ্ট শিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন দেবশংকর হালদার। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে প্রস্তুতিও তুঙ্গে। প্রতিবছর একটি বিশেষ থিমকে সামনে রেখে বর্ধমান পৌর উৎসব পালিত হয়ে আসছে। বিশেষ প্যাভেলিয়ান থাকে উৎসব ময়দানে। কমিটির এবারের বর্ধমান পৌর উৎসবের থিম-জন্ম কর্ম্ম বর্ধমানে, ঠাই পেয়েছে সবার মনে। বর্ধমানের প্রথিতযশাদের সম্মান জানাতেই এই থিম বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে বর্ধমান পৌর উৎসবের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়দানের প্রধান মঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। সূত্রের আরও খবর, ২৫ জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের উপস্থিত থাকার সম্ভাবনা । ২৭ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন ইমন চক্রবর্তী। ২৮ জানুয়ারি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন রুপঙ্কর। আবার ২৯ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন নচিকেতা। ৩০ জানুয়ারি থাকবেন লোপামুদ্রা। ৩১ জানুয়ারি উৎসবের শেষ দিনে উপস্থিত থাকার কথা বাংলা ব্যান্ড ক্যাকটাস-এর। বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ জানিয়েছেন, প্রতিবারই নামী শিল্পীদের সঙ্গে বর্ধমান শহরের শিল্পীরাও মঞ্চ ভাগ করে থাকেন। এবারও একই রীতি বজায় থাকছে। তিনি আরও জানান, ধারাবাহিকতা বজায় রেখে এবারও বর্ধমান পৌর উৎসবের আয়োজন করা হলেও সতর্কতার সঙ্গে কোভিড বিধি মেনে চলা সম্ভব হবে। এবার উৎসবে স্টলের সংখ্যা কমানো হয়েছে। গতবছর বর্ধমান পৌর উৎসবে ১৭৫ টি স্টল ছিল। এবার স্টলের সংখ্যা কমে ১৬০ হয়েছে।

Related posts

Leave a Comment