সৌদি নারী আন্দোলনের নেত্রী লুজিয়েনের মুক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সৌদি নারী আন্দোলনের নেত্রী মুক্ত। সূত্রের খবর, সৌদি আরবের নারী আন্দোলনের নেত্রী লুজিয়েন আল হাতলুলকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে সৌদি আদালত। উল্লেখ করা যায়, লুজিয়েনের বাড়ি ফেরার খবর জানিয়ে ট্যুইট করেন তাঁর বোন। সূত্রের আরও খবর, আন্তর্জাতিক মহল এই খবরে সন্তোষ প্রকাশ করেছে। তবে সৌদি কারাগারে নারকীয় অত্যাচার তাঁকে সহ্য করতে হয়েছে বলে অভিযোগ। আবার সেই কাহিনী প্রকাশ্যে আসায় বিতর্কের মুখে সৌদি সরকার। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ৩১ বছর বয়সী লুজিয়েনকে সন্ত্রাস দমন আইনে আটক করা হয়েছিল ২০১৮ সাল নাগাদ।
এক্ষেত্রে বিচারে ৬ বছরের কারাদণ্ড হয় নেত্রী লুজিয়েনের। প্রসঙ্গত, সৌদি মহিলাদের গাড়ি চালানোর অধিকার আদায়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিলেন লুজিয়েন। অন্যদিকে সৌদির সংস্কারমুখী যুবরাজ মহম্মদ বিন সলমন সেই অধিকার মঞ্জুর করলেও বিতর্ক থেমে থাকেনি। পরবর্তীতে লুজিয়েনের কারাদণ্ড আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত ৬ বছরের কারাবাস পূর্ণ হওয়ার আগেই লুজিয়েনকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। তবে ৫ বছর ভ্রমণ-নিষেধাজ্ঞা বলবৎ রাখা হবে বলেও জানা যায়।

