প্রকাশ হচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ হচ্ছে। নির্বাচনী ইস্তাহার তৈরিতে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় দলের নিচুতলার কর্মী-বিধায়ক -সাংসদ সহ সকলের মতামত গ্রহণ করেন।
সূত্রের খবর,আগামীকাল বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ হবে তৃণমূল কংগ্রেসের। দুপুর ১টা নাগাদ কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবন থেকেই প্রকাশ করা হবে এই ইস্তাহার। এই সংক্রান্ত বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিই চূড়ান্ত ইস্তাহার তৈরি করেছে। তবে মমতা বন্দোপাধ্যায় নিজেও ওই কমিটিতে ছিলেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে,ইস্তাহারে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়েছে দলের শীর্ষনেতৃত্ব। এক্ষেত্রে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির বিষয়টি রয়েছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিও।
এ বিষয়ে জানা গিয়েছে,ইস্তাহার তৈরির জন্য মমতা বন্দোপাধ্যায় দলের নেতা, কর্মী, বিধায়ক এবং সাংসদদের কাছে লিখিত আকারে মতামত ও প্রস্তাব চান। ওই প্রস্তাবগুলি জমা পড়ার পর তৃণমূল নেত্রী নিজে তা খতিয়ে দেখেছেন। এই সব প্রস্তাবগুলিকে সামনে রেখে একটি খসড়া ইস্তাহার তৈরি করা হয় । সেই খসড়া ইস্তাহারের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত ইস্তাহার তৈরি করেছেন।২০২১-এ আবারও রাজ্যের ক্ষমতা দখলের জন্য দলনেত্রীর তৈরি বিশেষজ্ঞ কমিটিই চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করবে আগামিকাল।

