দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সমতা ফেরাল ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুরন্ত ঝুলনের দাপটে সিরিজে ফিরল ভারত। ঝুলন গোস্বামীর ৪ উইকেট ও স্মৃতি মন্ধানার অপরাজিত ৮০ রানের ওপর দাঁড়িয়ে জয়ে ফিরল ভারতের মহিলা ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৯ উইকেটে জয়ী হয়ে ৫ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। উল্লেখ করা যায়, ৩৮ বছর বয়সী ঝুলন ৪২ রানে ৪ উইকেট দখল করেছেন। এছাড়া মানসী জোশী ২ উইকেট পেয়েছেন ২৩ রানে। বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় ৩ উইকেট পেলেন ৩৭ রান দিয়ে।
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ১৫৭ রানে অলআউট হয়ে যায়। ওপেনার মন্ধানা ৬৪ বলে অপরাজিত ৮০ রান করেন। পুনম রাউত ৮৯ বলে অপরাজিত ৬২ রান করলেন। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়া হল। ২৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। প্রথম ওয়ান ডে-তে ৮ উইকেটে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

