দূষণে নাজেহাল গোঘাটের মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দূষণে জেরবার হুগলির গোঘাট। স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তায় খালি চোখে চলাফেরা করা দুস্কর হয়ে দাঁড়িয়েছে। চারিদিক থেকে ছাই উড়ে এসে পড়ছে চোখে। এমনকি ক্ষতি হচ্ছে চাষের জমিও। স্থানীয় সূত্রের খবর, গোঘাটের চাষীদের এই সংক্রান্ত অভিযোগ ঘিরে এলাকা সরগরম। কিছু কিছু রাইস মিলের বর্জ্য যুক্ত জল খেত দিয়ে বয়ে চলেছে। এক্ষেত্রে চাষের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এরফলে কমে যাচ্ছে ফলনও। ওইসব ছাই একদিকে ফসল ক্ষতি করছে অন্যদিকে বাড়ছে মানুষের শারীরিক সমস্যাও। এক্ষেত্রে এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই দূষণে স্থানীয় মানুষের জীবন জেরবার। রাইস মিল দূষণরোধের বিষয়ে কড়া আইন রয়েছে। তবুও স্থানীয় প্রশাসন নির্বিকার। সমস্যা সমাধানের কোনও পথ দেখতে পারছেন না স্থানীয় মানুষজন।
উল্লেখ করা যায়, রাইস মিলগুলি প্রতিদিন মাটির তলা থেকে প্রচুর পরিমান জল তুলে থাকে। তা দিনে দু-তিন বারের বেশি ব্যবহার করা যায় না। এক্ষেত্রে বর্জ্য যুক্ত জল বাইরে ফেলে দিতে হয়। এর জেরেই চাষের জমির ক্ষতি হয়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাই থেকে ‘সিলিকা’ বার করা যায়। তা বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি সহ রং ও কাচশিল্পে কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে বর্জ্য যুক্ত জল পরিশোধনের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে দূষণও কমবে ফসলের ক্ষতিও হবে না। প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিলে দূষণের প্রকোপ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় মানুষ।

