election and evmBreaking News Others Politics 

ভোট গ্রহণ পর্ব শুরু বাংলা ও অসমে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভোট গ্রহণ পর্ব শুরু। সকাল থেকেই ভোটের লাইনে মহিলাদের ভিড়। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপ্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৭২ শতাংশ। অসমে ভোটদানের হার ৮.৮৪ শতাংশ। রাজ্যে আজ থেকে শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই। রাজ্যের ৩০ আসনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই অশান্তির খবরও আসছে। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে অসমেও। একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আজ প্রথম দফা। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে।

এবার নির্বিঘ্নে ভোট করানোই কমিশনের কাছে বিরাট চ্যালেঞ্জ। প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন রেখেছে কমিশন। কুইক রেসপন্স টিমও রাখা হয়েছে। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলায় রাখা হয়েছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে থাকছে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় রাখা হয়েছে ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। আবার ঝাড়গ্রামের চার আসনে রাখা হয়েছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা আবহে বুথে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাও ।

Related posts

Leave a Comment