গলসি আসনের প্রার্থী বদল বিজেপির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থী বদল বিজেপির। তা নিয়ে জল্পনা তুঙ্গে। পূর্ব বর্ধমানের গলসি আসনের প্রার্থী তপন বাদগি মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে অভিযোগ। উল্লেখ করা যায়,প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে বিভিন্ন দলের অন্দরেই ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়। এই নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে নিয়ে কটাক্ষও ছুঁড়ে দিয়েছে। গলসি আসনের প্রার্থী তপন বাদগির পরিবর্তে তাঁর জায়গায় নতুন প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস।
স্থানীয় সূত্রের খবর,গলসিতে প্রার্থী ঘোষণার পর তপন বাগদিকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ বাড়ে। বর্ধমানের পার্টি অফিসে ডেকে পাঠানো হয় তপন বাবুকে,এমনই জানা যায়। যেহেতু তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তাঁকে প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে হবে। এক্ষেত্রে তিনি রাজি হননি বলে খবর।
স্থানীয় সূত্রে আরও খবর, নিজের অনুগামীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা করতে গিয়েছিলেন তিনি। তাঁকে বাইরে ডেকে পাঠানো হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে । বাধ্য হয়ে মনোনয়ন জমা না করেই ফিরে আসতে হয় তাঁকে। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ তাও প্রকাশ পায়। এ বিষয়ে তাঁর মন্তব্য, “আমাকে বাইরে ডেকে বলা হল মনোনয়ন জমা না করতে। আমি কিছুই জানি না। যদি এমনই চলে, তাহলে পরে কী হবে, সেটা ভাবতে হবে।”
ইতিপূর্বে বেশ কয়েকটি আসনে বিক্ষোভের জেরে প্রার্থী বদলের পথে হাঁটতে হয়েছে বিজেপিকে। প্রাথমিকভাবে ঠিক হয়, আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হবে প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে। এরপর ওই কেন্দ্রে তাঁকে ঘিরে দলীয় কর্মী–সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখা যায় । তাঁকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে ঘোষণা করা হয় শিখা মিত্রের নাম। আবার কাশীপুর–বেলগাছিয়া কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় তপন সাহার নাম।দু’জনেই নারাজ হয়েছেন বিজেপির প্রার্থী হতে। এরপর কাশীপুর–বেলগাছিয়া থেকে প্রার্থী করা হয়েছে শিবাজী সিংহরায়কে। চৌরঙ্গি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন দেবব্রত মাঝি। দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন নীরজ জিম্বা তামাং। তবে গলসিতে যেভাবে প্রার্থী বদল হয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

