টেট শংসাপত্রের মেয়াদ বাড়লেও চাকরির দাবি জোরালো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেট শংসাপত্রের মেয়াদ বাড়লেও চাকরির দাবি জোরালো হয়েছে। টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশের শংসাপত্র ৭ বছর পর্যন্ত বৈধ থাকত নিয়ম অনুযায়ী। এবার শিক্ষক নিয়োগের ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই শংসাপত্র সারা জীবনই বৈধ থাকবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এমনটাই জানিয়েছেন। এক্ষেত্রে জানানো হয়েছে, টেট উত্তীর্ণদের শংসাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হয়েছে। উল্লেখ করা যায়, ২০১১ সাল থেকে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা এই সুবিধা পেতে পারবেন। এই ব্যবস্থা কার্যকর করার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে আরও জানা যায়, যাঁদের টেট শংসাপত্র ৭ বছরের বেশি পুরনো তাঁদের নতুন করে টেট শংসাপত্র দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকে টেট পাশ করা প্রার্থীরা স্বাগত জানিয়েছেন। অন্যদিকে একাংশের অভিমত, শুধু টেট শংসাপত্রের বৈধতার মেয়াদ বাড়ালেই হবে না। চাকরির ব্যবস্থাও করতে হবে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় সরকার টেট শংসাপত্রের বৈধতা আজীবন করায় ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি প্রতি বছর টেট উত্তীর্ণদের চাকরি সু-নিশ্চিত করার কথাও বলা হয়েছে। আবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করা প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের দাবিও জানানো হয়েছে।

