cpim and candidateOthers Politics 

উপনির্বাচনের ৪ আসনে প্রার্থী ঘোষণা বাম শিবিরের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোট হয়নি। বাকি উপনির্বাচনগুলিতেও জোট হচ্ছে না। তবে জোট ভাঙার ঘোষণাও হয়নি। এবার রাজ্যের ৪ আসনের প্রার্থী ঘোষণা করে একপ্রকার কংগ্রেসের সঙ্গে জোটে নারাজ বামেরা। আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪টি কেন্দ্রে উপনির্বাচন হবে। সিপিএমের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, শান্তিপুর ও খড়দহ আসনে লড়বে সিপিএম। অন্যদিকে দিনহাটা ও গোসাবায় লড়বে দুই শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপি ৷

শান্তিপুর আসন থেকে সিপিএম প্রার্থী হচ্ছেন সৌমেন মাহাতো, খড়দহ কেন্দ্রে প্রার্থী হলেন দেবজ্যোতি দাস ৷ দিনহাটা আসনটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন আব্দুর রউফ ৷ গোসাবায় আরএসপি-র প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল কে করা হয়েছে ৷ উল্লেখ করা যায়,ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর উপনির্বাচনে বামেদের ফল সন্তোষজনক হয়নি। জমানত বাজেয়াপ্ত হয় ৷ এবার বাকি ৪টি কেন্দ্রের উপনির্বাচনে বাম দলগুলির কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷

অন্যদিকে ভবানীপুরে নির্বাচনের ফল প্রকাশের পরই ৪টি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিজেপি ও কংগ্রেস এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি ৷ প্রসঙ্গত,একুশে বিধানসভা নির্বাচনে ৪টি কেন্দ্রের মধ্যে দিনহাটা ও শান্তিপুরে জয়ী হয় বিজেপি ৷ আবার খড়দহ ও গোসাবায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ দিনহাটা ও শান্তিপুরের জয়ী দুই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার সাংসদ পদ বহাল রাখেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। খড়দহ ও শান্তিপুরের জয়ী তৃণমূলের কাজল সিনহা ও জয়ন্ত নস্করের মৃত্যুতে আসন দু’টিতে উপনির্বাচন হচ্ছে।

Related posts

Leave a Comment