তারাপীঠ মন্দিরে থাকছে কড়া বিধি-নিষেধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির। তবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য জারি করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। করোনা বিধি মেনে একসঙ্গে ৫০ জনের বেশি দর্শনার্থী মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে মানতে হবে আরও বেশ কিছু নিয়ম। মন্দিরের অনলাইন বুকিং-ও বাতিল করা হচ্ছে বলে জানানো হয়েছে।দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এর প্রভাব বেড়ে গিয়েছে। এই অবস্থার নিরিখে বৈঠক করেছেন তারাপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে অনলাইন বুকিং করা চলবে না বলে জানানো হয় ।
যাঁরা ইতিমধ্যেই বুকিং করেছেন,তা বাতিল করা হবে বলেও জানানো হয় । ৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তবে মাতৃমূর্তি স্পর্শ করা যাবে না। কেবলমাত্র মাতৃমূর্তির চরণে অঞ্জলি নিবেদন করতে পারবেন ভক্তরা। এ বিষয়ে আরও জানানো হয়,অনলাইনে তারাপীঠের হোটেল বুক করাও যাবে না। তবে পর্যটকরা তারাপীঠে এসেও হোটেল বুক করতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

