কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক : ঋণের সময়সীমা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে, আতিথেয়তা, বিমান পরিবহণ ও সম্পর্কযুক্ত বিভিন্ন শিল্পের জন্য সুবিধা বাড়ানো হয়েছে।
উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত বকেয়া ধারের উপরে ৪০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যেত এই প্রকল্পে। এবার সমস্ত ক্ষেত্রের জন্যই তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য বন্ধকহীন ঋণ দেওয়ার জন্য ৬০৬২.৪৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বৈঠকে। যার মধ্যে ৩৭৫০ কোটি টাকা সহায়তা রয়েছে বিশ্ব ব্যাঙ্কের। বাকি তহবিল দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০২২-২৩ অর্থবর্ষে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে।

