নিরাপত্তা বলয়ে ত্রিপুরায় চলছে ৪ কেন্দ্রের উপনির্বাচন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে । ৪ কেন্দ্রের উপনির্বাচন। নিরাপত্তা বলয় রয়েছে। ৪টি কেন্দ্রের উপনির্বাচনে ২২ জন প্রার্থী রয়েছেন। আগরতলা কেন্দ্রে ৬ জন প্রার্থী রয়েছেন। বরদোয়ালি কেন্দ্রে ৬ জন প্রার্থী। এছাড়া সুরমা ও যুবরাজনগর কেন্দ্রটিতে ৫ জন করে প্রার্থী এই নিৰ্বাচনী লড়াইয়ে নেমেছেন।
আগরতলা আসনে বিজেপি, সিপিআইএম,তৃণমূল, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী লড়াইতে রয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াই করছেন সুদীপ রায় বর্মণ। বিজেপি-র প্রার্থী অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রটিতে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীরা রয়েছেন। এই কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়াইয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী আশিষ সাহাও রয়েছেন ৷ স্বাভাবিকভাবেই ত্রিপুরার এই দুই কেন্দ্র নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
নির্বাচন কমিশন সূত্রের খবর, ত্রিপুরার ৪ কেন্দ্রের উপনির্বাচনে ২২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন ভোটার ভোটার রয়েছেন ৷ আগরতলা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫১৭৩৯ জন। বরদোয়ালি কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৪৬৬২২ জন। পাশাপাশি সুরমা কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৭৩০০ জন। যুবরাজনগর কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৪৩৩৭১ জন। রাজ্যের এই ৪ কেন্দ্রেই মহিলা ভোটারের সংখ্যা বেশি ৷
এক্ষেত্রে আরও জানা যায়, ৯৫৩৮৯ জন মহিলা ভোটার ৷ পুরুষ ভোটারের সংখ্যা ৯৩৬৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন ৷ এই সব কেন্দ্রগুলিতে মোট ২২১টি পোলিং স্টেশন থাকছে । যার মধ্যে ১১১টি পোলিং স্টেশন রয়েছে শহরকেন্দ্রিক । ১১০ টি পোলিং স্টেশন থাকছে গ্রামীণ এলাকায় ।
সুরমায় ৬০ টি পোলিং স্টেশন, টাউন বরদোয়ালিতে রয়েছে ৫৬ টি পোলিং স্টেশন। আগরতলায় রয়েছে ৫৫টি পোলিং স্টেশন ও যুবরাজনগরে থাকছে ৫০টি পোলিং স্টেশন। নির্বিঘ্নে ভোট করার জন্য ভোটার হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ভোটের বাজার গরম। ইতিমধ্যেই বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

