জনজোয়ার তৃণমূলের মহা-সমাবেশে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২১ জুলাই মহা-সমাবেশ। সকাল থেকেই তৃণমূল কর্মী-সর্মথকদের ভিড়। মানুষের পতাকা ও ফেস্টুন হাতে দলীয় কর্মীদের উৎসাহ। আম-জনতার ভিড় উপচে পড়ছে কলকাতার বুকে। সমাবেশের পথে বর্ণময় জনজোয়ার। বনগাঁ, বসিরহাট,সুন্দরবন, সাগর, ডানকুনি, পাঁশকুড়া-সহ বিভিন্ন জেলার প্রান্ত থেকে দলীয় সর্মথকদের মিছিল। বেলা বাড়তেই জনজোয়ার ৷ প্রত্যেক মিছিলের মুখ ধর্মতলামুখী। কর্মী সমর্থকদের ভিড় ছিল রঙিন- বর্ণময় ৷
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। কীভাবে বিজেপি গোটা দেশকে কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তা-ও তুলে ধরলেন তিনি। ধর্মতলায় মহা-সমাবেশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় আমাদের হারানোর চেষ্টা করেছিল। কিন্তু ওরা পারেনি। ২১ কখনও ভুলতে দেয় না। তাই তো বলি আবার ২১ ফিরিয়ে আনো বারবার। তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু,পেনশন ভাতা পাবেন।”
ওই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর আরও বক্তব্য,”গ্রামে মিউনিসিপালিটিতে যারা আছেন, তাদের বলবো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। আজ বিনা পয়সায় চিকিৎসা, স্বাস্থ্যসাথী,লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে।” কেন্দ্রীয় রিপোর্টের উল্লেখ করে তাঁর আরও প্রতিক্রিয়া,”পশ্চিমবঙ্গ কৃষকদের রোজগারে প্রথম। আমি গর্বিত। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গেছে। একদিকে কৃষি, একদিকে শিল্প এটা আমার চ্যালেঞ্জ। জোর করে জমি নেব না। দেউচা পাচামির কাজ শুরু হয়ে গেছে।”
বিশাল সমাবেশের মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “লোকসভা ভোটে আমি কথা দিচ্ছি বাংলা থেকে তৃণমূল জিতবে। বাংলার বাইরে বুক চিটিয়ে লড়াই করবো। বিজেপির নেতারা বলছে, টাকা বন্ধ করে দিয়েছি। আমি এটাই চেয়েছিলাম। ওরা জনসমক্ষে বলুক।”
তিনি আরও বললেন,”তৃণমূল অন্য রাজ্যে গিয়েছে। আমাকে দায়িত্ব দিয়েছে। বাংলায় আরও বলিষ্ঠ করে ও আমরা ভারতে জোড়াফুল পৌছে দিতে পারছি, ততদিন শান্ত হব না। পঞ্চায়েত হবে। সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে ভোট হবে। মানুষ চাইলে আপনি প্রার্থী হবেন। যত বড় নেতার ছত্র ছায়ায় থাকুন প্রার্থী হবেন না।”
বৃষ্টি শুরু হল কলকাতায় ৷ মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। কর্মী-সমর্থকরা বৃষ্টি থেকে বাঁচতে ছাতা খুললেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পূর্বেই থামল বৃষ্টি ৷ শিল্পী নচিকেতার কণ্ঠে শোনা গেল, “তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি…৷”
একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বললেন, “বিধানসভা নির্বাচনের সময় বাংলাকে প্রতি মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করেছে বিজেপি। বাংলার মানুষ লড়াই করেছেন। তার পর তৈরি হয়েছে খেলা হবে। খেলা হয়েছে, যখন আমাদের দেশের মেয়ে, দেশের গৌরব, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলেন। বিজেপিকে ধুলোয় উড়িয়ে দিয়েছেন। আজ গোটা দেশ শুধু নয়, পৃথিবীতে তিনি এখন রোল মডেল। যে ভাবে হুইল চেয়ারে থেকেও লড়াই জিতলেন মমতা, তা স্যালুটের যোগ্য।”
(ছবি: সংগৃহীত)

