গুজরাট বিধানসভার নির্ঘন্ট ঘোষণা : রাজনৈতিক প্রচার উচ্চপর্যায়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা ভোটের ঘোষণা হল। আজ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে,আগামী ১ ও ৫ ডিসেম্বর দু-দফায় ভোট গ্রহণ পর্ব চলবে গুজরাট রাজ্যে। ভোটের ফল প্রকাশ হবে ৮ ডিসেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই নির্ঘন্ট জানিয়েছেন। গুজরাট বিধানসভায় মোট আসন সংখ্যা ১৮২টি।
অন্যদিকে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট গ্রহণ ১২ নভেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশ বিধানসভা ও গুজরাট বিধানসভার ফলাফল একইদিনে জানা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের মত, গুজরাট বিধানসভার ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির প্রচার উচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিজেপি ছাড়াও ভোটযুদ্ধে সামিল আম আদমি পার্টি। রয়েছে কংগ্রেসও।
এবার গুজরাট নির্বাচনে সর্বশক্তি দিয়ে নামছে আম আদমি পার্টি । এই দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল সেখানে নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। জোরদার প্রচারে কংগ্রেসও। গুজরাটের মোরবি জেলায় নদীতে ব্রিজ ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার পর রাজনৈতিক পারদ আরও চূড়ান্ত পর্যায়ে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমনকী আহতদের হাসপাতালে দেখতেও যান প্রধানমন্ত্রী। মোরবির সেতু দুর্ঘটনা গুজরাট নির্বাচনে প্রভাব ফেলতে পারে কিনা, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক বোদ্ধারা। (ছবি: সংগৃহীত)

