উপভোগ করুন অবসর জীবন
সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এই সময় হতাশা গ্রাস করে মনে। তার থেকে শরীর ও স্বাস্থ্যের অবনতিও ঘটে থাকে। নিয়ম মাফিক জীবনের রুটিন থেকে হঠাৎ করেই ছন্দ পতন। তাই অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিষয়টিকে সহজভাবে নিতে চেষ্টা করুন। জীবনটা উপভোগ করুন অবসর জীবনে। কী কী করবেন,আর কী কী করবেন না তার একটা তালিকা তৈরি করুন। একটা পরিকল্পনা করে জীবনের বাকি পথ চলুন। আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শেষ করার পর আপনার জীবন শেষ হওয়া নয়। মনে রাখবেন,আপনি অবসর গ্রহণ করেছেন। সুতরাং আপনি একজন অভিজ্ঞ মানুষ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে সমাজ-দেশ ও জাতিকে অনেক কিছুই দিতে পারেন আপনি। আপনার হাতে যে সময় ও সুযোগ রয়েছে তা পুরোপুরি কাজে লাগাতে চেষ্টা করবেন। টিভি, মোবাইল,পত্র-পত্রিকা ও ম্যাগাজিন নিয়ে যেমন সময় কাটাবেন তেমনি সেবামূলক কাজে ব্যস্ত থাকতে চেষ্টা করবেন।
অলস ও নেতিবাচক মানুষের সঙ্গ থেকে দূরে থাকবেন।
আপনার পেশার সঙ্গে মানান সই কোনও কাজ খুঁজে নিতে চেষ্টা করবেন। কর্মব্যস্ত জীবনের মধ্যে থাকতে চেষ্টা করবেন। আপনার জীবনে অভিজ্ঞতা ও অনেক সুখস্মৃতি রয়েছে। সেই সব স্মৃতি নিয়ে এগিয়ে চলুন আনন্দে থাকবেন।
পরিমিত ব্যয়ে অভ্যস্ত হতে চেষ্টা করবেন। তবে অপচয় করবেন না। জীবনে ছোট ছোট বিষয়গুলো থেকে আনন্দ খুঁজে নিতে চেষ্টা করবেন। প্রাণ খুলে হাসবেন এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করবেন। ভালো বই পড়বেন। লেখালেখির অভ্যাস থাকলে নিয়মিত লিখতে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান।
