শীতের সময় ব্যথা বাড়ে

Pain increases during winter

শীত পড়লেই অস্থিসন্ধির ব্যথা-যন্ত্রণায় ভুগতে দেখা যায় অনেককে। শীত এলেই ব্যথা বাড়ে। সমস্যার সমাধান কীভাবে করবেন তা নিয়ে ভাবনার শেষ নেই। গরমকালে এক রকম আর শীতকাল আর একরকম। শীতের রেশ এলেই হাঁটু, কোমর সহ শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা-যন্ত্রণা অনুভূত হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের কষ্টের শেষ থাকে না। অনেকেই বাতের ব্যথায় ভুগতে থাকেন। শীত এলেই ব্যথা-কষ্টটা অতি মাত্রায় বেড়ে যায়। এই সমস্যার সমাধানে কি করবেন তা জেনে নিন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন,হাঁটু,কোমর বা অস্থিসন্ধির ব্যথার জায়গাগুলিতে ঠান্ডা লাগলে সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে গরমজলের সেঁক দিলে আরামবোধ হওয়াটা স্বাভাবিক। বয়স্ক ব্যক্তিরা শীতকালে বাইরে বেরলে হাঁটুতে ক্যাপ পরতে পারেন। গরম কাপড়ে তৈরি গেঞ্জিও ব্যবহার করতে পারেন। পাশাপাশি হালকা ব্যয়াম বা শরীর চর্চা করতে হবে।

ঠান্ডা পড়লে বাইরে বেরনো কমে যায়। হাঁটাচলাও কমতে থাকে বয়স্কদের। তবে শুয়ে-বসে থাকার প্রবণতা সমস্যা আরও বাড়িয়ে তোলে। শরীর চর্চা বাড়ির মধ্যেই করতে পারেন,পায়াচারিও করতে পারেন। ফিজ়িওথেরাপিস্টের পরামর্শ নিয়ে শরীরচর্চা করলে উপকার পাওয়া যায়।

এই সময় ভিটামিন ডি, ক্যালশিয়াম,ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড় মজবুত রাখতে সাহায্য করে। শাকসব্জি, দুধ, বাদাম,টকদই, ডিম প্রভৃতি খাবার নিয়মিত খাওয়া দরকার। শরীর সুস্থ রাখতে ভিটামিন ও খনিজেরও ভূমিকা থাকে।
মনে রাখা জরুরি, শীতের দিনে ঘুমনো-বসার শারীরিক ভঙ্গির বদল ঘটে। তার ফলে অনেক সময় ব্যথা-যন্ত্রণা বেড়ে যেতে পারে। তাই সাবধান হতে হবে শীতকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *