রেলের মাল্টি-ট্র্যাকিং প্রকল্প
রেলের চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ৯,৪৫০ কোটি টাকা অনুমোদন করল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এই অর্থ অনুমোদন করেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়গপুর–ভদ্রক চতুর্থ লাইন প্রকল্প। রেল সূত্রের খবর,প্রায় ৪১০ কিলোমিটার নতুন রেললাইন তৈরি হলে রাজ্যের ৮টি জেলার প্রায় ৬০ লক্ষ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি পণ্য পরিবহণের সক্ষমতাও বাড়বে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ খড়গপুর–ভদ্রক (রানিতাল) চতুর্থ লাইন প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
রেল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, খড়গপুর–ভদ্রক ১৭৩ কিলোমিটার চতুর্থ লাইন এবং ভদ্রক–হরিদাসপুর ৭৫ কিলোমিটার চতুর্থ লাইন তৈরি হবে। চারটি প্রকল্পের মাধ্যমে মোট প্রায় ৪১০ কিলোমিটার নতুন রেললাইন যুক্ত হবে। এই প্রকল্প রূপায়নে সুফল মিলবে ৮টি জেলার প্রায় ৬,৪৪৮টি গ্রামের মানুষের। প্রায় ৬০ লক্ষ মানুষের উপকার হবে। রেলপথের সক্ষমতা বাড়লে যাত্রী ও পণ্য পরিবহণ ক্ষেত্র আরও দ্রুত নির্ভরযোগ্য হয়ে উঠবে। রেল চলাচলের ক্ষেত্রে যানজট মুক্তও হবে।
