বাজি নিয়ে নিষেধাজ্ঞা
বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাই মানছে রাজ্য। বিনা অনুমতিতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা থাকছে। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে সামনে রেখে বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। নবান্নে স্বরাষ্ট্র দপ্তর, পরিবেশ দপ্তর, পুলিশ, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে বার্তা দেওয়া হলো- সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই এ বছর এই সব উৎসবের সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিনা অনুমতিতে ফানুস বা এয়ার বেলুন ওড়ানো বেআইনি বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত “সবুজ বাজি” ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তই বাজি পোড়ানোর অনুমতি থাকবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফানুস ও এয়ার বেলুন ওড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। অনুমতি ছাড়া ফানুস ওড়ানো থেকে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কড়া নজরদারি চালানো হবে। সরকারি নির্দেশ অনুযায়ী, কর্পোরেশন, পুরসভা ও পুলিশের চিহ্নিত নিরাপদ খোলা জায়গাতেই বাজির বাজার বসানো হবে। সেখানে দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্সও মোতায়েন থাকবে। সবুজ বাজির ক্ষেত্রে শব্দ সৃষ্টিকারী বাজির সর্বোচ্চ মাত্রা ১২৫ ডেসিবল এবং আলোক সৃষ্টিকারী বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবল নির্ধারণ করা হয়েছে।
