সনাতন আদর্শের ভাবধারা
সনাতন ধর্ম নিয়ে জোর চর্চা চলেছে। এই ধর্মের শিকড় নিহিত রয়েছে বেদের মধ্যেই। সেই শিকড় থেকেই সনাতন আদর্শের ভাব-ধারা চলে আসছে। যে জাতি নিজস্ব ধর্মকে ভুলে যায়, তার শক্তি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। সেই সমাজ-সংস্কৃতি ক্রমশ দুর্বল হতে থাকে। সমাজের এখানেই অবনতি হতে থাকে। সমাজ বিভক্ত হয়ে পড়ে। বর্তমান সময়ে প্রায় সকল সমস্যার মূলে দেখা যায় -নিজেদের শাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পথ চলা। মনে রাখতে হবে বেদ শুধু ধর্মগ্রন্থ নয় এটি জ্ঞান,নীতি, ধর্মরক্ষা,সত্য ও চরিত্র গঠনের ভিত্তি।
একসময় বেদের মধ্যেই আবর্তিত ছিল গুরুকুল শিক্ষা। সেখান থেকেই মানুষ প্রথমে চরিত্রবান হয়ে গড়ে উঠে। শৃঙ্খলিত হতে শেখে। সত্যনিষ্ঠ ও নির্ভীকভাবে জীবন গড়ে তোলে। এখান থেকেই একজন আদর্শবান হতে শেখে এবং চরিত্র গঠন করতে শেখে। এক্ষেত্রে একটা কথা মনে রাখা জরুরী-জ্ঞান মানে শুধু তথ্য সংগ্রহ নয়, জ্ঞান মানে আত্মজাগরণ, শক্তি ও একতা। বেদের আলো থেকে দূরে সরে গেলে ধীরে ধীরে আমাদের পরিচয় হারিয়ে যেতে পারে। শাস্ত্রের আলো না থাকলে সেখানে অন্ধকারের পথ প্রশস্ত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন -“যে বেদ মানে না, সে কেবল হিন্দু নয়—সে নিজের আত্মার শক্তিকেই অস্বীকার করে।”বেদ চিরন্তন জ্ঞানের দরজা খুলে দেয়, নিজ শক্তিকে জাগরিত করে তোলে। জাতিকে একতাবদ্ধ করতে পারে। গুরুকুল-শিক্ষিত আদর্শের ভাবনায় আত্মজাগরণ হতে পারে। বেদই সেই পথ দেখাতে পারে।
