গোলাপি চাঁদের টানে ভাসল বাসন্তী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাসন্তীর ফুলমালঞ্চে বাঁধ ভেঙে ভাসল গ্রাম। ক্ষতিগ্রস্ত হল চাষের জমিও। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকে পূর্ণিমার ভরাকোটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২টি গ্রাম। উল্লেখ্য, এই পূর্ণিমায় চাঁদ পৃথিবীর সবথেকে কাছে ছিল। যারফলে পৃথিবীর ওপর চাঁদের টানও ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। স্থানীয় সূত্রে খবর, এর জেরে ক্ষতিগ্রস্ত অনেক মাটির বাড়ি ও চাষের জমি। পাশাপাশি, পুকুরের মাছ ও চিংড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে আরও খবর, দুর্বল মাটির নদীবাঁধ ফাটল দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটে। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েতের গৌড়দাস পাড়া ও চোরডাকাতিয়া গ্রামের পাশে মাতলা নদীতে জোয়ারে জলস্তর বৃদ্ধি ঘটে। ভরাকোটালে জলস্তর ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ায় নদীবাঁধের প্রায় ৭৫-৮০ ফুট মতন অংশ ভেঙে যায়। নোনাজল ঢুকে ব্যাপকহারে ফসলের ক্ষতিও হয়েছে। গ্রামবাসীরা মিলিতভাবে কোদাল-ঝুড়ি নিয়ে বাঁধ মেরামতির চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

