জীবাণু সংক্রমণ রুখতে সিএমইআরআই-এর নয়া আবিষ্কার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) স্যানিটাইজারের বিশেষ ইউনিট তৈরি করল। ট্র্যাক্টরচালিত ট্যাঙ্কারের মধ্যেই বিশেষ নজেল পাম্প বসিয়ে নতুন এই আবিষ্কার। সিএমইআরআই সূত্রে জানা গিয়েছে, বিশেষ নজেল দিয়ে নির্গত সূক্ষ্ম স্যানিটাইজারের কণা বেশিক্ষণ বাতাসে ভেসে থাকবে। দীর্ঘক্ষণ এলাকা থাকবে জীবাণুমুক্ত।
এবিষয়ে আরও জানা গিয়েছে, ট্র্যাক্টর মাউন্টিং স্যানিটাইজিং ইউনিটটি যেভাবে প্রস্তুত করা হয়েছে, তাতে রাস্তা ও তদসংলগ্ন অঞ্চল স্যানিটাইজ হবে। আবার এতে থাকা দুটি পাইপ ফিটিং নজেলের মাধ্যমে দূরবর্তী এলাকাতেও স্যানিটাইজার স্প্রে করা যাবে। সূত্রের খবর, আসানসোল পুরসভা ৪টি এই বিশেষ স্যানিটাইজিং ইউনিট প্রস্তুতির অর্ডার দিয়েছে। করোনা মোকাবিলায় শিল্পাঞ্চলের দুটি শহর আসানসোল ও দুর্গাপুরকে জীবাণুমুক্ত করতে এই বিশেষ স্যানিটাইজিং ইউনিট উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে। সিএমইআরআই-এর অধিকর্তা হরিশ হিরানি জানিয়েছেন, ইতিমধ্যেই আসানসোল পুরসভা এই বিশেষ ইউনিট ৪টি প্রস্তুত করার অর্ডার দিয়েছে।

