প্রত্যেককে সচেতন ও দায়বদ্ধ হতে হবেঃ মুখ্যসচিব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার দাপট বাড়ছে। প্রয়োজন আরও নিয়ন্ত্রণের। এই পরিস্থিতিতে সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। সূত্রের খবর, এসবের সঙ্গে সামঞ্জস্য রেখেই মিষ্টি ও ফুলের দোকান খোলা রাখার নির্ধারিত সময় বদলে দেওয়া হয়েছে। লকডাউনের দ্বিতীয় দফার বন্দোবস্ত হিসেবে এতদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ৮ ঘন্টা মিষ্টির দোকান খোলা রাখা হয়েছিল। নতুন ব্যবস্থায় সেই সময়সীমা ৪ ঘন্টা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখা যাবে বলে জানাল রাজ্য সরকার। পাশাপাশি ফুলের দোকানগুলিও খোলা থাকবে বেলা ১২টা পর্যন্তই। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় ৫৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানান মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যে একদিনে ৫০-এর বেশি লোকের সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম। এমত পরিস্থিতিতে বাজার বন্ধের প্রয়োজন রয়েছে কি না, এ প্রসঙ্গে মুখ্যসচিব জানান, বাজার ব্যারিকেডিং করার চেষ্টা চলছে। বাজারে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এক্ষেত্রে রাজ্য সরকার স্থির করেছে, ৫ জন বেরিয়ে এলে তবেই আবার ৫ জন বাজারে ঢুকতে পারবেন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব এক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবার বাজার নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চেয়ে মুখ্যসচিব জানিয়েছেন, প্রত্যেককে সচেতন ও দায়বদ্ধ হতে হবে। খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না। নিজের, পরিজন এবং প্রতিবেশিকে সঙ্কটে ফেলবেন না।

