রেশন কার্ড ও আধার সংযুক্তকরণ প্রক্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেশন কার্ড আর আধার যুক্তের প্রক্রিয়া শেষ ৩১ ডিসেম্বর। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ও মোবাইল নম্বর যুক্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা শেষ করার জন্য রাজ্যের সব রেশনিং ডেপুটি ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি তা পৌঁছেছে জেলাশাসক এবং জেলা খাদ্য ও সরবরাহ নিয়ামকের কাছেও।
অন্যদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যের সব ডিজিটাল রেশন কার্ড আর আধার ও মোবাইল নম্বর সংযুক্তির প্রক্রিয়া শেষ করা খুবই ‘কষ্টসাধ্য’ বলে মত প্রকাশ করেছেন রেশন দোকান মালিকরা। সূত্রের আরও খবর, রাজ্যে ইতিমধ্যে প্রায় ৬ কোটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে লকডাউনের ফলে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেকাংশেই ব্যাহত হয়। রেশন ব্যবস্থায় স্বচ্ছতার লক্ষ্য নিয়ে দেশব্যাপী ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (ই-পস) ব্যবস্থা চালু হয়।
এর অঙ্গ হিসাবেই আধার নম্বর ও মোবাইল নম্বর সংযুক্তিকরণের কাজ চলছে। আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্ত কাজ শেষ করা প্রায় অসম্ভব বলে মনে করছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই সময়সীমা আরও ৬ মাস বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় সরকার নির্দেশ পাঠিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করার জন্য।

