আম্ফানে বিপর্যস্ত মৎস্যজীবী পরিবারের পাশে এ বি টি এ
আমার বাংলা নিউজ ডেস্ক, রুপাঞ্জন রায়: লকডাউন এবং আম্ফানে বিপর্যস্ত বসিরহাট মহকুমার টাকী পৌরসভার সৈয়দপুরে শতাধিক মৎস্যজীবী পরিবারের মধ্যে ত্রাণ বিলি করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বনগাঁ মহকুমা শাখা। লকডাউন এর মাঝেই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে সব হারিয়েছে এলাকার নিরন্ন সাধারণ মৎস্যজীবী পরিবারগুলি। এদের অধিকাংশের জীবিকার মূল উপায় হচ্ছে নৌকোয় করে মাছ ধরা। অথচ প্রশাসনিক ভাবে কোন সাহায্য এখন অব্দি তাদের কাছে পৌঁছয়নি।

তীব্র হতাশা এবং ক্ষোভে ফুটছে এলাকার মানুষ। এদের পাশে এসে দাঁড়ালেন শতাব্দীপ্রাচীন শিক্ষক সংগঠন এ বি টি এ। আজ ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বক্তব্য রাখেন এ বি টি এ, বনগাঁ মহকুমা শাখার সভাপতি অশোক পাল এবং সহ-সম্পাদক পীযূষ সাহা।উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাখার সম্পাদক প্রদীপ সরকার, নেতৃত্ব মহুয়া রায়চৌধুরী, কল্যাণ কুমার বৈরাগী, গোষ্ঠ বিহারী বৈরাগী।

হাসনাবাদ শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চকপাটলি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা এবিটিএ জেলা নেতৃত্ব বিজয় কৃষ্ণ দাস।এছাড়া উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাখার সম্পাদক রঞ্জিত মুখার্জি, নেতৃত্ব আব্দুল জলিল,সঞ্জয় চক্রবর্তী,দেবাশিস দাস প্রমুখ।

