প্রয়াত অমিতেন্দ্রনাথ ঠাকুর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন অমিতেন্দ্রনাথ ঠাকুর (৯৯)। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বিশ্বভারতীর বিশিষ্ট প্রাক্তনী অমিতেন্দ্রনাথ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র। তাঁর পিতা অলোকেন্দ্রনাথ ঠাকুর, মা পারুল দেবী। চিনা ভাষা চর্চার দিকপাল ছিলেন। ১৯২২ সালের ৯ অক্টোবর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম হয় অমিতেন্দ্রনাথের।
আমেরিকায় অধ্যাপনা করলেও শান্তিনিকেতনের সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়। বিশ্বভারতীর ‘চিনা ভবনে’ অধ্যয়ন ও অধ্যাপনা দুই-ই করেছেন। নবনির্মিত ‘চিনা ভবনে’ পড়ুয়া হিসেবে তাঁর অন্তর্ভুক্তি হয়। চিনা ভবনে স্নাতক স্তরের অধ্যয়ন শেষ করে তিনি চিনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। পরবর্তীতে এক বছর চিনা ভবনে অধ্যাপনার পর ভারত-চিন দ্বন্দ্বের সূত্রে দেহরাদুন ও পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতেও চিনা ভাষার পাঠ দিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, এক বছর আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পর তিনি আবারও ফিরে আসেন ‘চিনা ভবনে’। লাভ করেছিলেন পিএইচডি ডিগ্রি। টানা ১৯৬৬ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আমেরিকায় অধ্যাপনা করেন। অবসর গ্রহণের পর পাকাপাকিভাবে ফিরে এসেছিলেন কলকাতায়। ‘অমিত কথা’ নামে তাঁর একটি আত্মজীবনী প্রকাশিত হয়। গল্ফ খেলা নিয়েও তাঁর দারুণ আগ্রহ ছিল।

