আইপিএলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শারজা স্টেডিয়াম সহ আইপিএলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, আবুধাবিতে ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল” সহ সমস্ত পরিকাঠামো দেখবেন তিনি।
সূত্রের আরও খবর, আইপিএল শুরু হতে ৫ দিন বাকি। টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে সংযুক্ত আরব আমিরশাহিতে উপস্থিত বিসিসিআই প্রেসিডেন্ট । শারজা স্টেডিয়ামের সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেছেন তিনি। ওই দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেন টুর্নামেন্ট প্রসঙ্গে।
জানা গিয়েছে,করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম পালন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করাই বোর্ডের কাছে ছিল নতুন চ্যালেঞ্জ।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে,আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন স্থানে করোনা বিষয়ে নিয়ম কিছুটা শিথিল হয়েছে। আবার বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইনের নিয়মও পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে গত বছরের চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে আইপিএল টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টের খরচ কমানোর জন্য বোর্ড প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দেন সৌরভ।
এক্ষেত্রে আরও জানা যায়,কেবলমাত্র ম্যাচগুলিই হবে। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। শারজায় আইপিএলের ১২ ম্যাচ আয়োজন হবে। শারজায় প্রথম খেলা ২২ সেপ্টেম্বর।ওই ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। জানা যায়, সৌরভের সঙ্গে শারজা স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সহ বোর্ড কর্তারা।

