Cloudy-SaturdayBreaking News Enviornment 

আবহাওয়ার ম্যাজিক পরিবর্তনে কেটে যাচ্ছে মেঘের ঘনঘটা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে কোভিডের প্রকোপ। অন্যদিকে আবহাওয়ার ভ্রুকুটি। দুই মিলিয়ে দুর্গাপুজোয় বাঙালির আনন্দে খাঁড়ার কোপ। আম্ফানের স্মৃতি মাথায় রেখেই প্রশাসন তৎপর হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎই ঘটে গেল রদবদল। কোনও এক অজ্ঞাত ম্যাজিকে কেটে যাচ্ছে মেঘের কালো ঘনঘটা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে নিম্নচাপটি নিয়ে পুজোয় আতঙ্কিত ছিল বাঙালি, তা স্থলভাগে এসে শক্তি হারাবে বলে জানা গিয়েছে। ফলে থাকছে না ভয়ের কোনও কারণ।

উল্লেখ্য, হাওয়া অফিস জানিয়েছিল, গত কয়েক দিন ধরেই অন্ধ্র থেকে অভিমুখ ঘুরিয়ে ক্রমেই শক্তিশালী হচ্ছিল নিম্নচাপটি। ফলে শুক্রবারই তা অতিগভীর নিম্নচাপের চেহারা নিতে পারে বলে সতর্ক করে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সোমবার থেকেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা সহ দুই মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। একই সঙ্গে কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানায় হাওয়া অফিস।

অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ফেরি বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়। মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতেও নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে প্রশাসন দুর্যোগ মোকাবিলার জন্যও প্রস্তুতি নিচ্ছিল বলে খবর। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলে হয় প্রতিটি থানাকে।

হাওয়া অফিস আরও জানিয়েছিল, আজ শুক্রবারই ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এর ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে আবহাওয়ার ম্যাজিক পরিবর্তনের ফলে নিম্নচাপটি হারাবে তার শক্তি, বলেও দাবি করেছে আবহাওয়া দপ্তর। ফলে রক্ষা পাচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো।

Related posts

Leave a Comment