পরিকল্পনা অনুযায়ী হুগলি জেলায় হচ্ছে ‘রোড ব্যাঙ্ক’

Road Hooghly

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হুগলি জেলার জন্য ‘রোড ব্যাঙ্ক’ তৈরি করছে জেলা পরিষদ। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই প্রয়াস নেওয়া হয়েছে। জেলা পরিষদ সূত্রের খবর, এক্ষেত্রে নতুন রাস্তা যেমন রয়েছে, তেমনি সারানো প্রয়োজন এমন রাস্তাও রয়েছে। এমন সব রাস্তার তথ্যও সংগ্রহ করা হচ্ছে। সূত্রের আরও খবর, স্থানীয় বিধায়কদের কাছে রাস্তার তালিকা জেলা পরিষদ চেয়ে পাঠিয়েছে। গুরুত্বের ওপর ভিত্তি করে সাজিয়ে রাস্তার তালিকাও জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের বলা হয়, প্রস্তাবিত রাস্তার চূড়ান্ত প্রকল্প রিপোর্ট তৈরি করতে হবে।

এক্ষেত্রে বরাদ্দ হাতে পাওয়া মাত্রই যাতে রাস্তার কাজ দ্রুত শুরু করা যায়। জানা গিয়েছে, ‘রোড ব্যাঙ্কে’ জমা থাকা সব রাস্তার ক্ষেত্রেই ওই পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্ষার মরশুম শেষ হওয়ার পরই গ্রামীণ রাস্তাঘাটের উন্নতির বিষয়ে পদক্ষেপ নিতে উদ্যোগী জেলা পরিষদ। আগাম প্রস্তুতির জন্যই এই ব্যবস্থা। জেলা পরিষদ সূত্রে আরও বলা হয়েছে, যেখানে যা রাস্তার প্রয়োজন, তার তালিকা হাতে রাখতেই ‘রোড ব্যাঙ্ক’ গড়া হয়েছে। আবার জেলায় কত রাস্তার প্রয়োজন রয়েছে, তার একটি হিসেবও থাকবে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে বাজেটের সময় হুগলি জেলা পরিষদ গ্রামীণ পরিকাঠামো উন্নতির জন্য রাস্তা নির্মাণের উপর বিশেষ গুরুত্ব দেয়। এবার সেই কাজই পরিকল্পনা মাফিক করার জন্য ‘রোড ব্যাঙ্ক’ তৈরি করা হচ্ছে। রোড ব্যাঙ্কের রাস্তাগুলিকে ৩টি প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *