ইজরায়েল থেকে নজরদারি চালানো ড্রোন “হেরন” আনছে ভারত
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাত এবং উত্তেজনার আবহে নজরদারি, অস্ত্রশক্তি ও আগ্নেয়াস্ত্রের ক্ষমতা বাড়াতে প্রত্যয়ী ভারত। সূত্রের খবর, সীমান্তে চিনের কার্যকলাপের ওপর নজরদারি বাড়ানোর তৎপরতা চলেছে। এই অবস্থাতে ইজরায়েল থেকে নজরদারি চালানো ড্রোন ‘হেরন’, ফায়ার-অ্যান্ড-ফরগেট ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড মিসাইল ‘স্পাইক’ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে নয়াদিল্লি।
প্রসঙ্গত, কার্গিল রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী ২০০০ সালেই হেরন ড্রোন কেনা শুরু হয়।জানা যায়, এই ড্রোন নিয়োগ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা। লাদাখ সেক্টরে হেরন ইউএভি ব্যবহার করে বায়ুসেনা ও সেনার নজরদারি ও টার্গেট অ্যাকুইজিশন ব্যাটারিগুলি। আরও জানা গিয়েছে, ১০ কিমির বেশি উচ্চতায় একটানা ২দিনের ওপর উড়তে সক্ষম এটি। পাশাপাশি নজরদারি চালাতে পারে এই ড্রোন। বায়ুসেনার বালাকোট অভিযান পরবর্তী পরিস্থিতিতে দেওয়া জরুরি আর্থিক ক্ষমতার অধীন গত বছর ইজরায়েল থেকে ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র আনা হয়েছিল, তা আরও কিনতে চায় সেনাবাহিনী।
প্রসঙ্গত, এরআগে ১২টি লঞ্চার, ২০০টি স্পাইক ক্ষেপণাস্ত্র কিনেছিল সেনাবাহিনী। লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে প্রচুর ট্যাঙ্ক মোতায়েন করে চিন। সেই তৎপরতায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধার বাড়াতে উদ্যোগী হল ভারত।

