যাবতীয় বোঝাপড়া উপেক্ষা চিনের, স্ট্যাটেজি মেনেই এগোবে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কিছুদিন পূর্বে গালওয়ান উপত্যকায় চিনা সেনার হঠাৎ আক্রমণে প্রাণ গিয়েছে ২০ জন ভারতীয় সেনা। এবার প্যাংগং লেকে স্থিতাবস্থা এককভাবে পাল্টানোর চেষ্টার ফলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মত ভারতীয় কূটনৈতিকমহলের। সেই থেকেই দু দেশের মধ্যে শুরু হয়েছে সীমান্ত উত্তেজনা।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে কথা চলছিল। তবে যাবতীয় বোঝাপড়া উপেক্ষা করে ফের একবার আগস্টের ২৯-৩০ তারিখ সীমান্তে অশান্তির পরিস্থিতি তৈরি করল চিন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই বিষয়টি কখনই মেনে নেওয়া সম্ভব নয়।
ভারতের অভিযোগ, গত ২৯ আগস্ট রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে তাদের বাধা দেওয়ার পরই চিনকে আলোচনা অনুযায়ী শান্তি ও নিরাপত্তার ব্যাপারে আরও সজাগ হতে বলা হয়।
আরও একবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত নিজের আগ্রাসী মনোভাব বজায় রেখেই সামনে এগোবে।
সূত্রের আরও খবর, সম্প্রতি ভারত ও চিনের ব্রিগেডয়ার পর্যায়ে বৈঠক হলেও, সেই বৈঠক আশানুরূপ হয়নি। প্যাংগং লেকের দক্ষিণ দিকে ভারতীয় সেনা এবার স্ট্যাটেজি মেনে এবার নিজেদের অবস্থান আরও জোরালো করছে বলেই খবর। এক্ষেত্রে চিন সেনার গতিবিধির ওপর ভারতীয় সেনা ভালভাবে নজরে রাখতে পারবে বলেই অনুমান করা হচ্ছে।

