নিট-পিজি পরীক্ষা : এনএমসি-র বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ হওয়ার সম্ভাবনা নিট-পিজি পরীক্ষা। উল্লেখ করা যায়, এমবিবিএস পাশের পর এমডি-এমএসের মতো স্নাতকোত্তর স্তরে প্রবেশের জন্য চিকিৎসকদের ওই পরীক্ষা দিতে হত। এক্ষেত্রে জানা গিয়েছে, নিট-পিজি পরীক্ষার বদলে এমবিবিএস পড়ার সময়েই পড়ুয়াদের ২ বার এক্সিট টেস্ট দিতে হবে। এ বিষয়ে আরও বলা হয়েছে, প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ পাওয়া যাবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি-র বৈঠকে এমনই আলোচনা হয়েছে বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বিষয়টি নিয়ে চূড়ান্ত নির্দেশিকা এখনও জানানো হয়নি। এমবিবিএস পড়ার সময় আড়াই বছরের মাথায় প্রি-ক্লিনিক্যাল ও প্যারা-ক্লিনিক্যাল বিষয়গুলির পাঠ নেওয়া হয়ে যাবে তখন এক্সিট টেস্ট পার্ট-১ হবে। পরবর্তীতে এমবিবিএসের চূড়ান্ত বর্ষে সবকটি সিমেস্টার পাশ করে যাওয়ার পর দিতে হবে এক্সিট টেস্ট পার্ট-২। দুটি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতেই এমডি ও এমএসে ভর্তি হওয়া যাবে। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়, যতদিন না পর্যন্ত ওই চিকিৎসক স্নাতকোত্তরে প্রবেশের সুযোগ পাচ্ছে ততদিন ওই প্রাপ্ত নম্বর কার্যকরী থাকবে।

