পুরুলিয়ায় ফলের বাগান তৈরিতে উদ্যোগী বনদপ্তর

Fruit Tree Garden

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরুলিয়ায় ফলের বাগান গড়ছে বনদপ্তর। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানোর মাধ্যমে লালমাটিতে ফলের বাগান তৈরি করতে উদ্যোগী বনদপ্তর। জানা গিয়েছে, পুরুলিয়া থানার ছররাতে ১১ ব্যাটলিয়নের ১০ হেক্টর জমিতে তৈরি হচ্ছে ওই বাগান। সমগ্র জেলার মধ্যে ছররাতেই বনদপ্তর এই ফলের বাগান তৈরি হচ্ছে। সূত্রের আরও খবর, বনদপ্তর ওই জেলায় প্রথম এলাকাজুড়ে ফলের বাগান তৈরি করছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রায় ১০ হেক্টর জায়গায় ১৬ হাজার ফলের গাছ লাগানো হচ্ছে।

বনদপ্তর সূত্রের আরও খবর, বেড়া দেওয়া ও গাছ বসানোর জন্য গর্ত করার কাজ শেষ হয়েছে। অন্যদিকে গাছ লাগানো শুরুও হয়েছে। পেয়ারা, আম, জাম, কাঁঠাল, বেদানা, আমলকি, বহেড়া, হরিতকী, কুল-সহ আমড়া গাছ লাগানোর প্রস্তুতি শুরু হচ্ছে। উল্লেখ্য, ১১ ব্যাটলিয়নের স্থান এতদিন ফাঁকা পড়েছিল। এক্ষেত্রে পুলিশের সঙ্গে কথা বলে সেখানে ফলের বাগান তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে বনদপ্তর। এক্ষেত্রে ব্যাটলিয়নের পুলিশকর্মীরা ছাড়াও এখানকার সাধারণ মানুষ উপকৃত হবেন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনা করে গাছ লাগানো হচ্ছে। এক্ষেত্রে সারাবছর ওই বাগান থেকে যাতে ফল পাওয়া যায়, তারই প্রচেষ্টা চলছে।

আরও জানা যায়, করোনা আবহে ওই বাগান তৈরিতে ১০০ দিনের কাজের মাধ্যমে ছররা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৩ জন পরিযায়ী শ্রমিক কাজে লেগেছেন। এক্ষেত্রে প্রায় ১৮০০ শ্রমদিবস তৈরি হয়েছে বলেও জানা যায়। ৩ বছর পর ওই বাগান থেকে ফল পাওয়া যাবে। বনদপ্তরের আধিকারিক সূত্রের খবর, পরিকল্পনা মাফিক প্রাথমিক ধাপে জেলার ১০টি গ্রামে গাছ লাগানোর প্রয়াস নেওয়া হয়েছে। অন্যদিকে পাড়া থানার আনাড়া গ্রাম পঞ্চায়েতের আমলাতোড়া গ্রামে এই কাজ হয়। ওই গ্রামে রাস্তার দু-পাশ বরাবর প্রায় ১৬০টি আমলকি গাছ লাগানো হয়। গ্রামবাসীরাই গাছগুলি তদারকি করছেন। এক্ষেত্রে বনদপ্তর নজরদারি চালাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *