এবার পরিযায়ী পাখিদের ভিড় রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে। জেলা বনাধিকারিক সূত্রের খবর, টানা লকডাউন ও বর্ষার কারণে রেকর্ড পরিযায়ী পাখি কুলিক পক্ষীনিবাসে ঠাঁই নিয়েছে। এত পরিযায়ী পাখি রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে এলেও নিরাপত্তার দিকে সেভাবে নজরদারি হয় না বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, নয়ের দশক থেকে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখি চলে আসছে । এই পক্ষীনিবাসে ওপেন বিল ষ্টক,নাইট হেরন, ইগরিট সহ কর্মোরেন্ট প্রজাতির পাখি ভিড় করে। বনদপ্তর সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৯ সালে ওপেন বিল ষ্টক ৬৫ হাজার ৮৬৪,নাইট হেরন ৮ হাজার ১২৪, ইগরিট ১১ হাজার ৯৭০ এবং কর্মোরেন্ট ৭ হাজার ১৩০টি পাখি এসেছে বলে খবর। মে মাসের শেষের দিকে পাখিরা এই পক্ষিনিবাসে আসা শুরু করে দেয়।জুন মাস জুড়েই পরিযায়ী পাখি আনাগোনা করে থাকে।
পক্ষী বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন,সাম্প্রতিক বছরে পাখি আসার আগে করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।আবার লকডাউনের জেরে জাতীয় সড়কে যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হওয়ায় বায়ুদূষণের মাত্রা বহু পরিমান কমে যায়। এক্ষেত্রে মে মাসের শেষ নাগাদ পাখি আসার সময় সীমা থাকলেও এবার পরিযায়ীদের পক্ষে অনুকূল পরিবেশ থাকায় মে মাসের মাঝামাঝি পাখি আসতে শুরু করে।পরিযায়ীদের সংখ্যাও বেড়েছে। অনুকূল পরিবেশ ছাড়াও বর্ষার জন্যও পক্ষীনিবাস সংলগ্ন এলাকায় প্রচুর মাছ এবং শামুক বেড়েছে। বিবিধ কারণে রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি দেখা দিয়েছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে। এখানে রেকর্ড সংখ্যক পাখির ভিড় হলেও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বিভিন্ন মহলে। উত্তর দিনাজপুর জেলার পশু প্রেমী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে,পরিযায়ী পাখিদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে পাখির সংখ্যা আরও বাড়বে।

