হাসপাতাল থেকে ছাড়া পেলেন রজনীকান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাসপাতাল থেকে মুক্তি পেলেন দক্ষিণ সুপারস্টার রজনীকান্ত। সূত্রের খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত শুক্রবার থালাইভা হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর করোনার রিপোর্টও নেগেটিভ এসেছে। উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ক্লান্তির কারণে অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। সূত্রের আরও খবর, তিনি ‘অন্নাথে’ নামে একটি দক্ষিণী ছবির শুটিং করছিলেন। হঠাৎ শুটিং সেটের কয়েকজন কলাকুশলী কোভিড আক্রান্ত হয়ে পড়ে। পরে শুটিংও বন্ধ হয়ে যায়। এই সুপারস্টার তখন থেকেই অসুস্থ। তবে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে সপ্তাহখানেক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

