সল্টলেকে বেপড়োয়া গতির বলি এক রিক্সা চালক
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো গাড়ির বেপড়োয়া গতির বলি এক রিক্সা চালক। গাড়িটি দ্রুত গতিতে এসে রিক্সার পিছনে ধাক্কা মারে, সাথে সাথে ওই রিক্সা চালক ছিটকে পড়েন অন্য একটি গাড়ির ওপর। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ২০৬ ফুট ব্রিজের এলাকায়। তড়িঘড়ি ওই রিক্সা চালককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত রিক্সা চালক সুশান্ত রায় বিধাননগর পূর্ব থানার দিক থেকে যাত্রী নামিয়ে ২০৬ বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো একটি গাড়ি পিছন থেকে খুব দ্রুত গতিতে এসে ওই রিক্সায় ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

